
গাজীপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আয্হা উপলক্ষে গাছা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকার গাছা থানাবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আয্হা মুসলিম উম্মাহর জন্য শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি আত্মত্যাগ, ত্যাগের মহিমা, মানবতা, সহমর্মিতা এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য, ন্যায় ও মানবিকতার পথে চলতে অনুপ্রাণিত করে।
ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম খন্দকার আরও বলেন,, আজকের এই আনন্দঘন মুহূর্তে গাছা থানা বিএনপির পক্ষ থেকে গাছা থানার সর্বস্তরের জনগণ, দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক। ঈদের এই মহিমান্বিত শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে, ত্যাগ ছাড়া কোনো মহৎ অর্জন সম্ভব নয়। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আত্মত্যাগের মানসিকতাই পারে একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে।
তিনি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ নানা রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। এ পরিস্থিতিতে দেশপ্রেমিক, গণতন্ত্রমনা ও সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার উচিত ঈদুল আয্হার ত্যাগের আদর্শকে ধারণ করে ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা। তিনি আশা প্রকাশ করেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের উন্নয়নের সংগ্রামে সবাই একসঙ্গে এগিয়ে আসবে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের প্রতি তিনি আহ্বান জানান, যেন তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেন। ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার মধ্য দিয়েই ঈদের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায় বলে তিনি উল্লেখ করেন।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন এবং সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করেন। নতুন আশা, নতুন প্রত্যয় ও নতুন উদ্দীপনায় সবাইকে দেশ ও গণতন্ত্রের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।