স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট পুরোপুরি কাটবে না। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্রবার নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে (আইওসি) বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে অস্থির সময় পার করছে, যেখানে জ্বালানি সংকট অর্থনীতি ও সমাজের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা, একে অপরের প্রয়োজন বোঝা এবং যৌথ সম্পদের সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা কাঠামো নতুন করে মূল্যায়নের দাবি রাখে। পরিবর্তিত রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় প্রান্তিক ও পরিবেশঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা, উন্নয়নের অগ্রগতি ধরে রাখা এবং উদ্ভূত সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণ এখন সময়ের দাবি।
সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের কথা তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সম্প্রসারণের ওপর জোর দেন। ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার পাশাপাশি জেলা ও উপকূলীয় অঞ্চলে এমএসএমই খাতকে শক্তিশালী করার লক্ষ্য রয়েছে বলে তিনি জানান। এর ফলে স্থানীয় উদ্ভাবনকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করা সহজ হবে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমান সময়ে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তাই তরুণ ও উদ্যোক্তাদের সম্ভাবনা কাজে লাগাতে প্রযুক্তি ও সুযোগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এসএমই খাতে উদ্ভাবনকে অগ্রাধিকার দিতে হবে।
শেষে আন্তঃসীমান্ত সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বিদ্যমান সহযোগিতামূলক উদ্যোগগুলো পুনর্মূল্যায়নের আহ্বান জানান তিনি।