গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের গাছা থানার যুবদলের বহিষ্কৃত নেতা নাসির উদ্দিন সরকার রুবেলের বিরুদ্ধে দুই লাখ টাকা চাঁদা দাবি, ট্রাক ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রুবেল সরকারসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন ব্যবসায়ী মো. মাসুদ রানা। গত ১৭ জুন দিবাগত রাত ১২টা ৫ মিনিটে গাছা থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে মামলাটি রুজু করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৪২৭ ধারায় নথিভুক্ত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে গাছা থানার কুনিয়া বড়বাড়ী এলাকার বেস্টশার্ট গার্মেন্টস থেকে জুট (পাটজাত পণ্য) বোঝাই একটি ট্রাক টঙ্গী মিলগেটের উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি গার্মেন্টসের প্রধান ফটকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ট্রাকটির গতিরোধ করে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, রুবেল সরকারের নেতৃত্বে অভিযুক্তরা ট্রাকে হামলা ও ভাঙচুর চালিয়ে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পরে ব্যবসায়ীর কাছে নগদ দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা চাঁদার টাকা পরিশোধ না করলে জুটবোঝাই ট্রাক পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। পরে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন হামিদুর রহমান, আশরাফুল হোসেন, আশরাফুল ইসলাম মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান মিজান, মো. বাবু, মো. ইব্রাহিম ও মো. আহাদ মিয়া।
গাছা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে মামলার এজাহারে বর্ণিত অভিযোগগুলো অভিযোগকারীর বক্তব্য। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার প্রকৃত সত্যতা নির্ধারিত হবে।